
ইটানগর, ২৪ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের সিয়াং জেলার কেবাং এলাকায় পাসিঘাট থেক বোলেং এবং আলোর সঙ্গে সংযোগকারী জাতীয় সড়কে আজ রবিবার সকালে বড়সড় ভূমিধস পড়েছে। গুরুত্বপূর্ণ ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ যানবাহন চলাচল। এই জাতীয় সড়কটি পূর্ব সিয়াং, সিয়াং এবং পশ্চিম সিয়াং জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।
রাজ্যে পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, সিয়াং অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে এই ভূমিধসের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে একাধিক এলাকায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যাত্রী এবং সাধারণ মানুষকে আপাতত এই সড়ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যতক্ষণ-না ধ্বংসাবশেষ সরিয়ে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু করা যায়।
পুলিশের সূত্রের কাছে জানা গেছে, পাহাড়ের মাটি-পাথর সরিয়ে সড়কটি পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে, যাতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
এদিকে, অব্যাহত বৃষ্টিপাতের দরুন রাজ্যের পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে আরও ভূমিধস ও রাস্তা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস