মালদায় ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু মহিলার
মালদা, ২৪ মে (হি.স.): প্রবল ঝড়ে আম গাছ ভেঙে মৃত্যু হল এক মহিলার। শনিবার রাতে ঘটনাটি ঘটে মালদার রতুয়া ১ ব্লকের কাহালা পঞ্চায়েতের কালীটোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সন্ধ্যা মণ্ডল। সন্ধ্যার স্বামী আনন্দ মণ্ডল বাড়ির কাছেই একটি আমবাগানে
মালদায় ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু মহিলার


মালদা, ২৪ মে (হি.স.): প্রবল ঝড়ে আম গাছ ভেঙে মৃত্যু হল এক মহিলার। শনিবার রাতে ঘটনাটি ঘটে মালদার রতুয়া ১ ব্লকের কাহালা পঞ্চায়েতের কালীটোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সন্ধ্যা মণ্ডল। সন্ধ্যার স্বামী আনন্দ মণ্ডল বাড়ির কাছেই একটি আমবাগানে জোগানদার হিসেবে কাজ করেন। শনিবার রাতে স্বামীকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য আম বাগানে ডাকতে গিয়েছিলেন সন্ধ্যা। আচমকা তুমুল ঝড় শুরু হয় এবং সেখানেই গাছের নীচে চাপা পড়ে মৃত্যু হয় সন্ধ্যার।

উল্লেখ্য, শনিবার রাতের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে মালদা জেলার বিস্তীর্ণ এলাকা। রতুয়া, চাঁচল এবং গাজল ব্লকে ঝড়ের দাপট ছিল সবচেয়ে বেশি। এর জেরে রতুয়ার কাহালায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে বহু গাছ, ভেঙেছে বিদ্যুতের খুঁটি। রবিবার জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতি যাচাইয়ের কাজ চলছে। এদিকে, রতুয়ার নাককাটি সেতু সংলগ্ন যে ফুলহার নদীর বাঁধ আছে, সেই বাঁধের উপর অস্থায়ীভাবে বসবাসকারী গঙ্গা ভাঙন কবলিত প্রচুর দুর্গতদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দিকে, চাঁচল-আশাপুর রাজ্য সড়কের দোসরকি এলাকায় ঝড়ের দাপটে একটি লোহার বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। এর ফলে ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। এছাড়া গাজল ব্লকের বিভিন্ন এলাকা থেকেও গাছ পড়ে বাড়িঘর ভাঙার খবর মিলেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande