
শ্রীভূমি (অসম), ২৪ মে (হি.স.) : সফলভাবে মাউন্ট রেনক শৃঙ্গ জয় করেছেন অসমের শ্রীভূমি জেলার মেয়ে রাজশ্রী রায়। ৫,০৩০ মিটার (১৬,৫০০ ফুট) উচ্চতার মাউন্ট রেনক শৃঙ্গে সফলভাবে আরোহণ করে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন রাজশ্রী। এনসিসি-র ৪ নম্বর আসাম ব্যাটালিয়ন, শ্রীভূমির প্রথম ক্যাডেট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
আজ রবিবার শ্রীভূমিতে অবস্থিত এনসিসি-র ৪ নম্বর আসাম ব্যাটালিয়নের আধিকারিক সূত্রে জানা গেছে, গত ১৮ মে (২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মাউন্ট রেনকের চূড়ায় পৌঁছেন ক্যাডেট রাজশ্রী রায়। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পার্বত্য পরিস্থিতির মধ্যেও তিনি সফলভাবে এই মর্যাদাপূর্ণ অভিযান সম্পন্ন করেন।
অভিযানের সময় ঠাণ্ডাজনিত আঘাতে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি অসাধারণ দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে আরোহণ চালিয়ে শেষ পর্যন্ত সফলভাবে শৃঙ্গ জয় করেন। আধিকারিক সূত্র জানিয়েছে, তাঁর এই সাফল্য এনসিসি প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা মানসিক দৃঢ়তা, শারীরিক সহনশীলতা ও শৃঙ্খলার প্রতিফলন।
৪ নম্বর আসাম ব্যাটালিয়ন এনসিসি এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তাঁরা বলেছেন, কঠিন উচ্চ পার্বত্য পরিস্থিতিতে এই সফল অভিযান সাহস, অধ্যবসায় এবং নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ।
সূত্রটি আরও বলেছে, রাজশ্রী রায়ের এই কৃতিত্ব ব্যাটালিয়নের জন্য গর্ব ও সম্মান বয়ে এনেছে এবং ভবিষ্যতে অন্যান্য ক্যাডেটদেরও নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে কঠিন লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে। ৪ আসাম ব্যাটালিয়ন এনসিসির সকল আধিকরিক ও কর্মীরা ক্যাডেট রাজশ্রী রায়কে এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাঁর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস