
মালদা, ২৪ মে (হি.স.): শনিবার রাতের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল মালদা জেলার বিস্তীর্ণ এলাকা। রতুয়া, চাঁচল এবং গাজল ব্লকে ঝড়ের দাপট ছিল সবচেয়ে বেশি। এর জেরে রতুয়ার কাহালায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়েছে বহু গাছ, ভেঙেছে বিদ্যুতের খুঁটি। রবিবার জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, ক্ষয়ক্ষতি যাচাইয়ের কাজ চলছে।
বিশেষ করে রতুয়ার নাককাটি সেতু সংলগ্ন যে ফুলহার নদীর বাঁধ আছে, সেই বাঁধের উপর অস্থায়ীভাবে বসবাসকারী গঙ্গা ভাঙন কবলিত প্রচুর দুর্গতদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দিকে, চাঁচল-আশাপুর রাজ্য সড়কের দোসরকি এলাকায় ঝড়ের দাপটে একটি লোহার বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। এর ফলে ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ দফতর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া গাজল ব্লকের বিভিন্ন এলাকা থেকেও গাছ পড়ে বাড়িঘর ভাঙার খবর মিলেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ