
কলকাতা, ২৪ মে (হি.স.): বিহারে একটি ঘূর্ণাবর্ত সৃষ্ট হওয়ার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে তরাই অঞ্চলে আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। তবে, গরম পিছু ছাড়ছেই না। রবিবাসরীয় সকালেও গরমে নাজেহাল অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৬ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তাতে গরম কমবে না। তবে, ২৭-২৯ মে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। ২৭ তারিখের পর থেকে তাপমাত্রা ফের হ্রাস পেতে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ