
আরামবাগ, ২৪ মে (হি.স.) : আরামবাগ বাসস্ট্যান্ড এলাকার একটি দলীয় কার্যালয় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাকেশ আলিকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ। রবিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই মামলায় অভিযুক্ত ছিলেন শেখ রাকেশ আলি। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের পর তাঁকে আটক করে আরামবাগে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশের দাবি।
উল্লেখ্য, কিছুদিন আগে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকার একটি পার্টি অফিস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক সূত্র ধরে অনুসন্ধান চালাচ্ছিল। সেই তদন্তের অগ্রগতিতেই এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। যদিও অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA