
আগরতলা, ২৪ মে (হি.স.) : সমাজ পরিবর্তনের লক্ষ্যে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে এসেছে ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ। রবিবার রাজধানী আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগকে ঘিরে আচার্য সমাজের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস মজুমদার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন রাজীব ভট্টাচার্য। তিনি রক্তদাতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মানবসেবামূলক এই উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে গঠিত হয়েছিল ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ। রাজ্যের আচার্য সমাজকে একসূত্রে বাঁধা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করাই সংগঠনের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ ওবিসি সম্প্রদায়ভুক্ত। তাঁদের অন্যতম প্রধান দাবি হল আচার্য সম্প্রদায়কে কেন্দ্রীয় ওবিসি কমিশনের তালিকাভুক্ত করা। তিনি বলেন, “আচার্য সমাজ ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের কাজে সরকারের পাশে দাঁড়িয়েছে। তাঁদের এই সামাজিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”
এদিনের রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। রক্তদাতাদের উপস্থিতি, উৎসাহ এবং মানবসেবার মানসিকতা অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ