খানাকুলে অবৈধ নির্মাণ উচ্ছেদে বুলডোজার অভিযান
আরামবাগ, ২৪ মে (হি.স.) : খানাকুলের নন্দনপুর ও জগতপুর এলাকায় রবিবার প্রশাসনের উদ্যোগে অবৈধ নির্মাণ উচ্ছেদে বুলডোজার অভিযান চালানো হয়। ড্রেন ও জলনিকাশি ব্যবস্থার উপর গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ এদিন ভেঙে ফেলা হয়। অভিযানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশ
অবৈধ নির্মাণ ভাঙতে খানাকুলে বুলডোজার


আরামবাগ, ২৪ মে (হি.স.) : খানাকুলের নন্দনপুর ও জগতপুর এলাকায় রবিবার প্রশাসনের উদ্যোগে অবৈধ নির্মাণ উচ্ছেদে বুলডোজার অভিযান চালানো হয়। ড্রেন ও জলনিকাশি ব্যবস্থার উপর গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ এদিন ভেঙে ফেলা হয়। অভিযানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিপুল পুলিশ বাহিনীও উপস্থিত ছিল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ড্রেন ও জলনিকাশি পথ দখল করে নির্মাণ গড়ে ওঠায় স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। বর্ষার আগে জলনিকাশি ব্যবস্থা সচল রাখতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ প্রসঙ্গে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এই সমস্যার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তাঁর বক্তব্য, খানাকুল বন্যাপ্রবণ এলাকা হওয়ায় ড্রেন ও নিকাশি পথ ভরাট করে নির্মাণ গড়ে উঠলে জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয় এবং বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সাধারণ মানুষের স্বার্থে অবৈধ দখলমুক্ত করে নিকাশি ব্যবস্থা সচল রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশও জলাবদ্ধতা ও বন্যা সমস্যা রোধে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande