
আগরতলা, ২৪ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের টানা ১২ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা। সেই কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে রবিবার রাজধানী আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ প্রদেশ ও জেলা স্তরের একাধিক নেত্রী এবং পদাধিকারীরা। এদিনের বৈঠকে মহিলা মোর্চার জেলা সভানেত্রী, সাধারণ সম্পাদিকা এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সরকার তথা ‘মোদী ৩.০’ সরকারের দুই বছর পূর্ণ হতে চলেছে। একইসঙ্গে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের একটানা ১২ বছরের শাসনকালও পূর্ণ হচ্ছে। এই ঐতিহাসিক উপলক্ষ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের কল্যাণে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মহিলাদের সামাজিক, অর্থনৈতিক এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উজ্জ্বলা যোজনা, জনধন অ্যাকাউন্ট, আবাস যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন সহ একাধিক প্রকল্পের সুফল দেশের কোটি কোটি মহিলা পেয়েছেন। এই প্রকল্পগুলির বাস্তব চিত্র এবং সাফল্যের কথা রাজ্যের প্রতিটি মহিলার কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা সমাবেশ, সচেতনতা অভিযান, ঘরে ঘরে প্রচার কর্মসূচি এবং সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হবে। সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এদিনের বৈঠকে মহিলা মোর্চার সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথস্তরের কার্যক্রম জোরদার করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচিগুলিকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, আগামী দিনে বিজেপি-র অন্যান্য মোর্চাগুলিকেও নিয়ে একই ধরনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ