আগরতলায় হোটেলে পুলিশের হানা ঘিরে চাঞ্চল্য, মেলেনি অসঙ্গতির প্রমাণ
আগরতলা, ২৪ মে (হি.স.) : রাজধানী আগরতলায় মরা চৌমুহনি এলাকায় একটি হোটেলে পুলিশের আকস্মিক তল্লাশি অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলার অভিযোগের ভিত্তিতেই পূর্ব আগরতলা থানার পুলিশ এই অভিযান চ
হোটেলে পুলিশের অভিযান


আগরতলা, ২৪ মে (হি.স.) : রাজধানী আগরতলায় মরা চৌমুহনি এলাকায় একটি হোটেলে পুলিশের আকস্মিক তল্লাশি অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলার অভিযোগের ভিত্তিতেই পূর্ব আগরতলা থানার পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে। যদিও তল্লাশি শেষে পুলিশ জানিয়েছে, অভিযানে কোনও অসঙ্গতি বা বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলেনি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পূর্ব আগরতলা থানায় খবর আসে যে মরা চৌমুহনী এলাকার ‘হোটেল বিজয়া প্যালেস’-এ অবৈধ কার্যকলাপ চলছে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তল্লাশির সময় হোটেলের রেজিস্টার খতিয়ে দেখা হয় এবং হোটেলে অবস্থানরত কয়েকটি কক্ষেও তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব আগরতলা থানার এসআই সমরেশ চাকমা জানান, “বর্তমানে যারা হোটেলে অবস্থান করছেন, তারা নিয়ম মেনেই নাম নথিভুক্ত করে রয়েছেন। তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

তবে এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের বিভিন্ন মহলে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই হোটেলকে কেন্দ্র করে নানা গুঞ্জন রয়েছে। অভিযোগ, রাত বাড়লেই সেখানে অসামাজিক কার্যকলাপের আসর বসে। সেই কারণেই পুলিশের এই অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্য আরও বেড়েছে।

এদিকে, পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ উঠেছে, খবর পাওয়ার প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ হোটেলে পৌঁছায়। ফলে অভিযানের আগে হোটেল কর্তৃপক্ষ সবকিছু গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় বলে দাবি স্থানীয়দের। আরও অভিযোগ, পুলিশ শুধুমাত্র রেজিস্টারভুক্ত কয়েকটি কক্ষেই তল্লাশি চালায়, হোটেলের বাকি কক্ষগুলোতে কোনও তল্লাশি চালানো হয়নি।

যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে রাজধানীর ব্যস্ত এলাকায় অবস্থিত একটি হোটেলকে ঘিরে ওঠা এই বিতর্ক এবং পুলিশের আকস্মিক অভিযান শহরজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande