দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা বাঙালী দলের বিক্ষোভ, গণআন্দোলনের ডাক
আগরতলা, ২৪ মে (হি.স.) : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল আমরা বাঙালী দল। দলের রাজ্য কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থ
আমরা বাঙালীর বিক্ষোভ


আগরতলা, ২৪ মে (হি.স.) : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল আমরা বাঙালী দল। দলের রাজ্য কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব, কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগান তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং রাজ্যে ক্রমবর্ধমান নেশা কারবার বন্ধে কঠোর প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালী দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, বর্তমান অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার কারণেই সাধারণ মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং সমাজে নেশার বিস্তার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, যতদিন পর্যন্ত বর্তমান রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন না হবে, ততদিন এই সমস্যাগুলির স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং এরই প্রেক্ষাপটে দেশজুড়ে বৃহত্তর গণআন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয় বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande