
শিলিগুড়ি, ৬ জুন (হি. স. ) : শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শিলিগুড়ির প্রাক্তন পুরমন্ত্রী ও বিধায়ক অশোক ভট্টাচার্য নিজের বাড়িতে একাই ছিলেন। এ সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। মাথায় গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে।
এই বর্ষীয়ান বাম নেতার এই দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা ভিড় জমান।
প্রসঙ্গত, অশোক ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র উত্তরবঙ্গের অন্যতম প্রধান নেতা। তিনি দীর্ঘ সময় ধরে রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত