(আপডেট) অস্থি বিসর্জনে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ফিরোজপুরে নিহত ৯ জন
চণ্ডীগড়, ৬ জুন (হি.স.) : পঞ্জাবের ফিরোজপুর জেলায় শনিবার সকালে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই পিকআপ ভ্যান ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মৃত ও আহতরা একই পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন ছিলেন। তাঁরা এক আত্
(আপডেট) অস্থি বিসর্জনে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ফিরোজপুরে নিহত ৯ জন


চণ্ডীগড়, ৬ জুন (হি.স.) : পঞ্জাবের ফিরোজপুর জেলায় শনিবার সকালে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই পিকআপ ভ্যান ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মৃত ও আহতরা একই পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন ছিলেন। তাঁরা এক আত্মীয়ের অস্থি বিসর্জনের জন্য ডেরা বিয়াসে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানে প্রায় ২৯ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত লোক বহনের জন্য গাড়ির ভিতরে ও পিছনের অংশে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। জঙ্গেওয়ালা গ্রামের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে পিকআপটির প্রবল সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে গাড়ির উপরের অংশে বসে থাকা কয়েকজন যাত্রী ছিটকে ট্রলারের কাচ ভেঙে ভিতরে ঢুকে পড়েন। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে।

মৃতদের পরিচয় মহিন্দর সিং, রাজকুমার, মাইয়াঁ বাই, দর্শন সিং, মহিন্দর কৌর, জিতো বাই, বিদ্যা বাই, করনাইল সিং ও সুখবিন্দর কৌর হিসেবে জানা গিয়েছে।

আহতদের মধ্যে ১৪ জনকে ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে।

ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande