শুধু পরীক্ষা নয়, বদলাতে হবে গোটা শিক্ষাব্যবস্থা: সোনম ওয়াংচুক
নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : শুধুমাত্র পরীক্ষা পদ্ধতির সংস্কার যথেষ্ট নয়, দেশের গোটা শিক্ষাব্যবস্থারই আমূল পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করলেন লাদাখের সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। শনিবার দিল্লির যন্তর-মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিন
শুধু পরীক্ষা নয়, বদলাতে হবে গোটা শিক্ষাব্যবস্থা: সোনম ওয়াংচুক


নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : শুধুমাত্র পরীক্ষা পদ্ধতির সংস্কার যথেষ্ট নয়, দেশের গোটা শিক্ষাব্যবস্থারই আমূল পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করলেন লাদাখের সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। শনিবার দিল্লির যন্তর-মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই দাবি করেন।

ওয়াংচুক বলেন, শিক্ষানীতি প্রণয়নকারী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি বেতনভুক্ত আধিকারিকদের সন্তানদেরও বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে পড়ানো উচিত। তাঁর মতে, এতে সরকারি শিক্ষার মানোন্নয়নে প্রকৃত পরিবর্তন আসবে। তিনি কর্মসূচিটিকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং একটি ‘আবেদন’ বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক পরীক্ষাসংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার প্রশ্ন সরাসরি দেশের যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে জড়িত। যে পরীক্ষার উপর নির্ভর করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, সেখানে অনিয়ম বা অসততা দেখা দিলে তাদের আস্থা ভেঙে যায়। তিনি বলেন, “যুবকদের দাবি অত্যন্ত ন্যায্য। তারা শুধু সৎ ও স্বচ্ছ পরীক্ষা চায়, এর বেশি কিছু নয়।”

বেসরকারি শিক্ষার পরিবর্তে সরকারি বিদ্যালয়গুলিকে শক্তিশালী করার উপর জোর দিয়ে ওয়াংচুক বলেন, প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব হবে যখন গ্রামের সরকারি স্কুলগুলির শিক্ষার মান উন্নত হবে। তাঁর কথায়, “উন্নত ভারতের প্রকৃত কারখানা হল গ্রামের সরকারি বিদ্যালয়।”

জবাবদিহি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে কারও পদত্যাগের দাবি স্লোগান তুলে আদায় করার প্রয়োজন নেই। জনপ্রতিনিধিদের নিজেদের দায়িত্ববোধ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

এদিন তিনি আরও জানান, শিক্ষাসংক্রান্ত দাবিগুলি পূরণ না হলে এবং সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তিনি ৪২ দিনের অনশনে বসবেন। কর্মসূচিতে উপস্থিত সমর্থকেরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিও তোলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande