
মুর্শিদাবাদ, ৭ জুন (হি.স.): অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ। সাগরদিঘি থানা এলাকা থেকে একই পরিবারের ৫ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করার পর, তাদের সুতির আহিরণ হোল্ডিং সেন্টারে পাঠানো হলো। শনিবার রাতে ধুমারপাহাড় এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের তিন সন্তানকে আটক করা হয়। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পরিবারটি প্রায় তেরো বছর আগে সীমান্ত পেরিয়ে এ দেশে এসেছিল| তারপর থেকে অবৈধভাবে এখানেই বসবাস করছিল।
জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কোনও বৈধ নথিপত্র ছাড়াই তারা এ রাজ্যে প্রবেশ করে। এরপর মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় নিজেদের পরিচয় গোপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। শুধু তাই নয়, সেখানে ধুমারপাহাড়ে ১৫ শতক জমি কিনে একটি পাকা বাড়িও তৈরি করেছিল। তারা স্থানীয় বাসিন্দা হিসেবে এলাকায় নিজেদের পরিচিতি তৈরি করেছিল। কিন্তু গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, ওই পরিবারের সদস্যদের কাছে ভারতে বসবাসের কোনও বৈধ কাগজপত্র বা নাগরিকত্বের প্রমাণ নেই। তারপরেই পদক্ষেপ নেয় পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ