কাজু বাগানে হাতির হানায় মহিলার মৃত্যু, শোক ঝাড়গ্রামে
ঝাড়গ্রাম, ৭ জুন (হি.স.) : কাজু বাগানে কাজু বীজ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের শিমুলডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মৌসুমী মল্লিক (৩২)। তাঁর
কাজু বাগানে হাতির হানায় মহিলার মৃত্যু, শোক ঝাড়গ্রামে


ঝাড়গ্রাম, ৭ জুন (হি.স.) : কাজু বাগানে কাজু বীজ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের শিমুলডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মৌসুমী মল্লিক (৩২)। তাঁর বাড়ি প্রণবপল্লি খাসজঙ্গল এলাকায়। এদিন সকালে তিনি গ্রামের পাশের একটি কাজু বাগানে কাজু বীজ কুড়োতে গিয়েছিলেন। সেই সময় বাগানের ভিতরে থাকা একটি হাতির মুখোমুখি হন তিনি। আতঙ্কে পালানোর চেষ্টা করলে হাতিটি শুঁড় দিয়ে তাঁকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে পুকুরিয়া বিটের কুন্ডলডিহি, শিমুলডাঙ্গা, পুকুরিয়া, আঁধারীশোল ও বনকাটি-সহ বিভিন্ন এলাকায় তিনটি হাতি ঘোরাফেরা করছে। ওই হাতিগুলির মধ্যে একটির হানাতেই মৌসুমী মল্লিকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত মে মাসেও পরপর দু’দিনে হাতির হানায় দু’জনের মৃত্যু এবং একজন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। বনদফতরের দাবি, নিয়মিত মাইকিং করে মানুষকে সতর্ক করা হলেও অনেকেই ভোরবেলা বা সন্ধ্যার পর জঙ্গল সংলগ্ন এলাকায় চলে যান। যেসব এলাকায় হাতির গতিবিধি রয়েছে, সেখানে বনদফতরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande