
কোচি, ৭ জুন (হি.স.): মালয়ালম চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা সলিম কুমার প্রয়াত। শনিবার রাতে কোচির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। অভিনেতার পরিবার সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন সলিম কুমার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই আকস্মিক প্রয়াণে মালয়ালম সিনেমা জগৎ তথা গোটা ভারতীয় চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার| রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি জানান, প্রখ্যাত অভিনেতা ও জাতীয় পুরস্কার বিজয়ী সেলিম কুমারের প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও আপনজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।
উল্লেখ্য, কেরলমের মিমিক্রি মঞ্চ থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলিম কুমার। সেখান থেকে কঠোর পরিশ্রম ও সহজাত প্রতিভার জোরে জায়গা করে নেন মালয়ালম চলচ্চিত্র জগতে। অভিনেতা হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ