
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'-য় শামিল হওয়ার জন্য সোমবার সমঝোতাপত্র -তে স্বাক্ষর করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
এর সঙ্গেই বিশ্বের বৃহত্তম এই সরকারি অর্থায়নে চালিত স্বাস্থ্য বিমা প্রকল্প রূপায়ণকারী দেশের ৩৬তম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মধ্যে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নড্ডা। এই বিশেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল-সহ একাধিক ঊর্ধ্বতন আধিকারিক উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি গুরুতর রোগের চিকিৎসার জন্য প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা পেয়ে থাকে।
কেন্দ্রীয় সরকারের মতে, পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হওয়ার ফলে রাজ্যের লক্ষ লক্ষ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার মহার্ঘ চিকিৎসা খরচের হাত থেকে রেহাই পাবে। এর পাশাপাশি এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো 'পোর্টেবিলিটি'। অর্থাৎ, পশ্চিমবঙ্গের কোনও সুবিধাভোগী দেশের যে কোনও রাজ্যের তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নিজের চিকিৎসা করাতে পারবেন।
সরকার সূত্রে জানানো হয়েছে, এই পদক্ষেপ শুধু পশ্চিমবঙ্গের নাগরিকদের আর্থিক সুরক্ষাই দেবে না, বরং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী এবং সাধারণ মানুষের কাছে সুলভ করে তুলবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি