
দক্ষিণ ২৪ পরগনা, ৭ জুন (হি.স.): সরকারি সামগ্রী বাড়িতে মজুত রাখার অভিযোগে ধৃত তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীর জামিন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জয়নগরে বিক্ষোভ দেখাল বিজেপি। নির্দিষ্ট দিনের আগেই কেন ধৃতদের আদালতে পেশ করা হলো ও জামিন হলো, এই প্রশ্ন তুলে শনিবার রাতে থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। আইসি-র ঘরে বসে গভীর রাত পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছ থেকে সন্তোষজনক জবাব না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দিন কয়েক আগে জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস এবং তাঁর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা তুহিন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাঁদের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হয় বলে অভিযোগ। সরকারি সম্পত্তি মজুতের অভিযোগে পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।
আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার (৬ জুন) ধৃতদের পুনরায় আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু বিজেপির অভিযোগ, পুলিশ নির্দিষ্ট সময়ের একদিন আগে অর্থাৎ শুক্রবারই ধৃতদের আদালতে পেশ করে। আদালত থেকে দু'জনেরই জামিন মঞ্জুর হয়ে যায়। শনিবার রাতে এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কেন নির্দিষ্ট দিনের আগে তড়িঘড়ি আদালতে পেশ করা হলো তৃণমূল নেতাদের, জানতে থানায় হাজির হন বিজেপি নেতা-কর্মীরা। গভীর রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলে। বিজেপির তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পুলিশ। জানানো হয়েছে, আইন মেনেই অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ