
কলকাতা, ৭ জুন (হি.স.): সারা বিশ্বের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তেও আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। এই রাজ্যও তাতে পিছিয়ে নেই। এই পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সামাজিক মাধ্যম ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছেন, আজ ৭ই জুন 'বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে' পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের 'গরিব কল্যাণ অন্ন যোজনায়' বিনামূল্যে রেশন সরবরাহের জন্য যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, প্রতি বছর ৭ জুন বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয়ে থাকে। নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরতে ও খাদ্যবাহিত অসুস্থতা প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে এই দিবসটি পালিত হয়ে আসছে। চলতি বছরের মূল ভাবনা বা ফোকাস হলো— বোঝা থেকে সমাধান - সর্বত্র নিরাপদ খাদ্য (Food standards save lives/Food safety : burden to solutions)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত