
শ্রীরামপুর, ৭ জুন (হি. স.):-বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘সানডে অন সাইকেল’ কর্মসূচিতে অংশ নিয়ে সাইকেল চালালেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। রবিবার শ্রীরামপুর মহকুমা শাসকের উদ্যোগে আয়োজিত এই সাইকেল মিছিলকে কেন্দ্র করে উৎসাহের পরিবেশ তৈরি হয়।এদিন সকালে মহকুমা শাসকের দফতরের সামনে থেকে পতাকা নেড়ে মিছিলর সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রচার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলতে প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের পাশাপাশি প্রশাসনের আধিকারিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সাইকেল আরোহীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় মহকুমা শাসকের দপ্তরে ফিরে আসে। সেখানেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস যেমন শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, তেমনি পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়