
কলকাতা, ৭ জুন (হি.স.): জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ। আগামী ২০২৯ সালের লক্ষ্যপূরণে ঐক্যের বার্তা দিতে রবিবার দেশের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতের পরই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তা মোকাবিলায় রণকৌশল এবং আগামী দিনের যৌথ কর্মপন্থা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এক বার্তায় তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির তরফে এদিন এই সাক্ষাৎ কর্মসূচির কথা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ভারতের মানুষ যখন ঐক্যবদ্ধ হন, তখন ন্যায়, মর্যাদা এবং উন্নত ভবিষ্যতের লক্ষ্যে তাঁদের অগ্রযাত্রাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনও শক্তির নেই। রবিবার ছুটির দিনে রাজধানী দিল্লিতেও ফের সেই ঐক্যের বার্তা ধ্বনিত হয়েছে।
তৃণমূল সূত্রের খবর, দিল্লির এই কর্মসূচি এখানেই শেষ হচ্ছে না। সোমবার সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে অবশ্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে এই বিষয়ে সোনিয়া ও রাহুল গান্ধীর একদফা বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত