
কলকাতা, ৭ জুন (হি.স.): উত্তর ২৪ পরগনার নৈহাটি ও ভাটপাড়ার দুটি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় ৯ হাজার শ্রমিক পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিল দুটি পুনরায় চালুর দাবি তুলেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (এআইইউটিইউসি)।
সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস রবিবার এক বিবৃতিতে এই প্রসঙ্গে জানান, কাঁচা পাটের জোগান কম, সুতরাং রসদের অভাব— এই অজুহাত দেখিয়ে গত শুক্রবার থেকে নৈহাটি জুট মিল এবং শনিবার থেকে ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চটকল শ্রমিক ও কর্মচারীবৃন্দ, যার মধ্যে নৈহাটি জুট মিলের ৬ হাজারেরও বেশি এবং রিলায়েন্স জুট মিলের ৩ হাজারেরও বেশি ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, প্রায় ৯ হাজার শ্রমিক পরিবার বর্তমানে অর্ধাহার ও অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে।
এআইইউটিইউসি-এর দাবি, রাজ্য সরকারের অবিলম্বে হস্তক্ষেপ দরকার এবং মালিকদের জুট মিল খুলতে বাধ্য করুক বিজেপির নতুন সরকার। সেই সঙ্গে সমস্ত শ্রমিককে কাজে পুনর্বহাল করা হোক। এর পাশাপাশি মিল বন্ধ থাকার সময়ের সম্পূর্ণ বেতন শ্রমিকদের দেওয়া, ২০২৪ সালের ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করা এবং হঠাৎ করে মিল বন্ধ করে দেওয়া প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। শ্রমিক সংগঠনের আরও দাবি, রাজ্যের চটকল শ্রমিকদের কর্মহীন করে দিয়ে বাংলাদেশ থেকে জুট ব্যাগ আমদানি বন্ধ করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত