
কলকাতা, ৭ জুন (হি. স.) : প্রবল বৃষ্টি। তবুও দমেনি খেলোয়াড়রা। বেঙ্গল টি - ২০ লিগে হাওড়াকে হারিয়ে জয়ের মুখ দেখল মেদিনীপুর।
বেঙ্গল টি - ২০ লিগে ধারাবাহিক হতাশা কাটল না অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের। রবিবার ইডেন গার্ডেন্সে শেষ পর্যন্ত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডসের কাছে ডিএলএস পদ্ধতিতে ১৪ রানে হার মানতে হল তাদের।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মেদিনীপুর। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শাকির হাবিব গান্ধী। মাত্র ৪৭ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, শচীন কুমার যাদব ২৩ বলে অপরাজিত - ৪২ রান ব্যক্তিগত পর্যায়ে করলে দলের রান সংখ্যা বাড়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে হাওড়া। মেদিনীপুরের পক্ষে আমির গনি তিনটি এবং দেবপ্রতিম হালদার দুটি উইকেট দখল করে।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে মেদিনীপুর। অগ্নিশ্বর দাসের দাপুটে ব্যাটিংয়ে দ্রুত এগোতে থাকে দলের স্কোর ও তার ব্যাক্তিগত রান। সে ৩৪ বলে অপরাজিত - ৫২ রান করে। ১১.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছিল মেদিনীপুর, এমন সময় নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর আর খেলা শুরু না হওয়ার দরুণ ডিএলএস নিয়মে ১৪ রানে জয়ী ঘোষণা করা হয়েছে মেদিনীপুরকে। ম্যাচের সেরার পুরস্কার অগ্নিশ্বরের ঝুলিতেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত