দলছুট হাতির শাবক ঢুকল গ্রামে, ছড়াল আতঙ্ক
শিলিগুড়ি, ৭ জুন (হি.স.) : শিলিগুড়ির নকশালবাড়ির কেতুগাবুর জোত এলাকায় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাতির শাবককে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতে দেখা যায়। রবিবার সকালে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শনিবার রাতে
দলছুট হাতির শাবক


শিলিগুড়ি, ৭ জুন (হি.স.) : শিলিগুড়ির নকশালবাড়ির কেতুগাবুর জোত এলাকায় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাতির শাবককে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতে দেখা যায়। রবিবার সকালে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, শনিবার রাতে প্রায় ৬০ থেকে ৭০টি হাতির একটি বড় দল খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছিল। পরবর্তীতে হাতির দলটি জঙ্গলে ফিরে গেলেও, একটি শাবক তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রামের আশেপাশেই থেকে যায়।

সকাল হতেই শাবকটি এদিক-ওদিক ঘুরে বেড়াতে শুরু করে, যার ফলে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। খবর পেয়েই পানিঘাটা ও টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মী এবং এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। এরপর শাবকটিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ফেরত পাঠানোর অভিযান শুরু করা হয়।

বন দফতরের আধিকারিকদের মতে, হাতির ছানাটি বেশ ছোট এবং সম্ভবত জঙ্গলের রাস্তা চিনতে পারছে না, তাই সে ক্রমাগত এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে।

পানিঘাটা রেঞ্জের রেঞ্জার প্রণব কুমার দাস জানান, বনকর্মীরা হাতির শাবকটিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

এই ঘটনার পর থেকে এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বন দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে শাবকটির কাছাকাছি না যাওয়ার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande