সরকারি বাসের ছদ্মবেশে রাজস্ব ফাঁকি দিয়ে ঘুরছে বেসরকারি গাড়ি, মালদায় পরিবহণ দফতরের বড় অভিযান
​কলকাতা, ৭ জুন (হি.স.): সরকারি বাসের ছদ্মবেশে রাজ্যে এই মুহূর্তে একাধিক বেসরকারি গাড়ি ঘুরছে। এর ফলে লাগাতার রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা ঘটছে। রবিবার মালদায় এক অভিযানে এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা পরিবহণ দফতর। সরকারি বাসের আদলে রং, লোগো ও না
সরকারি বাসের ছদ্মবেশে রাজস্ব ফাঁকি দিয়ে ঘুরছে বেসরকারি গাড়ি, মালদায় পরিবহণ দফতরের বড় অভিযান


​কলকাতা, ৭ জুন (হি.স.): সরকারি বাসের ছদ্মবেশে রাজ্যে এই মুহূর্তে একাধিক বেসরকারি গাড়ি ঘুরছে। এর ফলে লাগাতার রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা ঘটছে। রবিবার মালদায় এক অভিযানে এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা পরিবহণ দফতর। সরকারি বাসের আদলে রং, লোগো ও নাম ব্যবহার করে যাত্রীদের বিভ্রান্ত করার অভিযোগে এদিন মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে বিশেষ অভিযান চালানো হয়। দিনভর চলা এই অভিযানে বিভিন্ন বেসরকারি বাসের গায়ে লাগানো সরকারি পরিবহণ সংস্থার নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বিভ্রান্তিকর স্টিকার ও লোগো মুছে ফেলা হয়েছে।

​উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের তরফে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা হয়েছে। তারপর থেকেই লাগাতার অভিযোগ উঠছিল যে, সরকারি বাসের নীল-সাদা রং এবং নামের অনুকরণে চালানো বেসরকারি বাসে উঠে বিভ্রান্ত হচ্ছেন বহু মহিলা যাত্রী। পরিবহণ দফতরের দাবি, ‘NBTS’, ‘MBTSG’, ‘MMT’-এর মতো নাম ব্যবহার করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) নামের সঙ্গে কৃত্রিম সাদৃশ্য তৈরি করা হচ্ছিল।

​রবিবার আরটিও অনুপম চক্রবর্তীর নেতৃত্বে গৌড়কন্যা বাস টার্মিনাসে এই অভিযান চালানো হয়। সেখানে বেশ কয়েকটি বেসরকারি বাসের গায়ে লেখা বিভ্রান্তিকর স্টিকার ছিঁড়ে ফেলা হয় এবং সরকারি সংস্থার নামের অনুকরণে লেখা চিহ্নগুলি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়।

​এনবিএসটিসি-র মালদা ডিপো ইনচার্জ মলয় কর্মকার বলেন, সরকারি বাসের নীল-সাদা রং বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। তবে বর্তমানে যাত্রীরা, বিশেষত মহিলারা, বাসটি সরকারি কি না তা নিয়ে প্রায়ই প্রশ্ন করছেন। পরিবহণ দফতরের এই কড়া পদক্ষেপে সাধারণ যাত্রীদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande