
শিলিগুড়ি, ৭ জুন (হি.স.): সিকিম থেকে শিলিগুড়ি আসার পথে নিখোঁজ হওয়া একই পরিবারের চার সদস্যের মৃতদেহ রবিবার তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নদী থেকে উদ্ধার হওয়া গাড়ির ভেতর থেকেই দেহগুলি বের করা হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের নাম সব্যা ন্যৌপানে (২৭), স্মারিকা ন্যৌপানে (২৯), টিকা মায়া দাহাল (৩১) এবং দিত্যা ছেত্রী (০৫) বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত শুক্রবার ওই পরিবারটি সিকিম থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। শেষবার জাতীয় সড়ক-১০ -এর ওপর রম্বি এলাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, যার পর থেকেই তাঁরা নিখোঁজ হয়ে যান। খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের টিম যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। শনিবার নদীর তলদেশে নিখোঁজ গাড়িটির সন্ধান মেলে। এরপর রবিবার সকাল থেকে উদ্ধারকাজ আরও জোরদার করা হয়। চরম তৎপরতার সঙ্গে দীর্ঘ প্রচেষ্টার পর গাড়িটিকে নদী থেকে টেনে তোলা হলে, তার ভেতর থেকেই চারজনের মৃতদেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সেবকের কাছাকাছি এলাকায় ভারী বৃষ্টির জেরে ধস নামায় এবং নদীর তীব্র স্রোতের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি