
গুয়াহাটি, ৭ জুন (হি.স.) : চলতি বছরের মে মাসে পণ্য পরিবহণে শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখে পণ্য আনলোডিং কার্যক্রমে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। গত মাসে সমগ্র জোন জুড়ে ১,০৩৪টি পণ্য পরিবাহী রেক আনলোডিং করা হয়েছে, যা ২০২৬-২৭ অর্থবছরে এই জোনের জন্য একটি স্থিতিশীল সূচনা।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ রবিবার এ খবর দিয়ে জানান, গত মে মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে খাদ্যশস্য, খাদ্যোপযোগী সামগ্রী, সার, চিনি, এসএনটিপি -কয়লা, লবণ, ট্যাংক এবং অন্যান্য পণ্য সামগ্রী সহ অত্যাবশ্যক ও শিল্পজাত সামগ্রীর সুগম পরিবহণ নিশ্চিত করেছে। এর অধীনে বিভিন্ন পণ্য শেডে এই চালানগুলো দক্ষতার সাথে পরিচালনা করা হয়েছিল, যা যথাসময়ে সরবরাহ এবং পরিচালনগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে।
তিনি জানান, পণ্য সামগ্রী পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর চাহিদা মেটানোর জন্য উৎসর্গীকৃত ছিল। অসমে সার্বাধিক ৫৫৭টি রেক আনলোড করা হয়েছে। এর মধ্যে ২৭১টি রেক ছিল অত্যাবশ্যক পণ্যের এবং ২৮৬টি রেক আবশ্যক পণ্যের। এটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এবং দৈনন্দিন উপভোক্তার চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। একই সময়ে ত্রিপুরায় ৭৪টি, নাগাল্যান্ডে ৩৪টি, মণিপুরে ২০টি, অরুণাচল প্রদেশে ১০টি, মিজোরামে আটটি এবং মেঘালয়ে একটি রেক আনলোড করা হয়েছে।
এছাড়া, পশ্চিমবঙ্গে ১৯৬টি রেক থেকে, বিহারে ১৩৪টি রেক থেকে পণ্য সামগ্রী আনলোড করা হয়েছে। যার মধ্যে অত্যাবশ্যক ও আবশ্যক, উভয় প্রকার পণ্য অন্তর্ভুক্ত ছিল। এর ফলে এই সমগ্র অঞ্চলে আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল, বাণিজ্যিক সংযোগ এবং অর্থনৈতিক কাজকর্ম আরও সুদৃঢ় হয়েছে।
সমগ্র অঞ্চল জুড়ে জনসাধারণের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কাজকর্মকে সুগম রাখার ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পসামগ্রীর চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেত্র পর্যায়ের ইউনিটগুলোর সুগম পর্যবেক্ষণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্যবাহী ট্রেনগুলোর টার্নঅ্যারাউন্ড সময় এবং পণ্য আনলোডিঙের দক্ষতা উন্নত করেছে, বলা হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মার প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস