ব্রিটেনে রফতানি ঝাড়খণ্ডের মহিলা কৃষকদের ১.৫ টন আম্রপালি আম
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : ঝাড়খণ্ডের সিমডেগা জেলার মহিলা পরিচালিত কৃষক উৎপাদক সংস্থার (এফপিসি) উৎপাদিত আম্রপালি আম প্রথমবারের মতো ব্রিটেনে রফতানি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১.৫ মেট্রিক টন আম্রপালি আম লন্ডনে পাঠানো হয়েছে, যা মহিলা কৃষক
ব্রিটেনে রফতানি ঝাড়খণ্ডের মহিলা কৃষকদের ১.৫ টন আম্রপালি আম


নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : ঝাড়খণ্ডের সিমডেগা জেলার মহিলা পরিচালিত কৃষক উৎপাদক সংস্থার (এফপিসি) উৎপাদিত আম্রপালি আম প্রথমবারের মতো ব্রিটেনে রফতানি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১.৫ মেট্রিক টন আম্রপালি আম লন্ডনে পাঠানো হয়েছে, যা মহিলা কৃষকদের আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীন এপিডা (কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ)-র সহায়তায় গত ৪ জুন কলকাতা থেকে আমের চালানটি রওনা দেয়। আমগুলি সংগ্রহ করা হয়েছে সিমডেগা জেলার বানো ব্লকের মহিলা পরিচালিত ‘বেউরা ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড’ থেকে।

এপিডা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিমডেগার কৃষক উৎপাদক সংগঠন ও কৃষকদের জন্য রফতানিমুখী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে আন্তর্জাতিক বাজারের চাহিদা, গুণগত মান এবং রফতানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কৃষক সংস্থা এবং রফতানিকারক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ গড়ে তোলা হয়, যার ফলেই এই রফতানি সম্ভব হয়েছে।

এর ফলে কৃষকেরা দেশীয় বাজারের তুলনায় বেশি মূল্য পেয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রেও উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে।

রবিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক পোস্টে এই উদ্যোগকে ‘লোকাল টু গ্লোবাল’-এর সফল উদাহরণ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, সিমডেগার মহিলা কৃষকদের উৎপাদিত আম্রপালি আম এখন ব্রিটেনের বাজারে পৌঁছচ্ছে। এর ফলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি দেশের কৃষি রফতানিও নতুন গতি পাবে।

মন্ত্রক জানিয়েছে, ঝাড়খণ্ডের অনুকূল জলবায়ু ও মাটির গুণাগুণ বাগানচাষের জন্য অত্যন্ত উপযোগী। আম্রপালি আমের মান ও বাজার চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারেও এর সম্ভাবনা উজ্জ্বল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande