এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনায় খাড়গে
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসারের ব
মল্লিকার্জুন খড়গে


নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসারের বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

রবিবার সমাজমাধ্যমের এক বার্তায় খাড়গে বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতির মধ্যেও বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির বিকল্প তৈরি হয়েছে বলে কেন্দ্র দাবি করলেও গ্রামীণ ভারতে এখনও এলপিজির ব্যবহার ও প্রাপ্যতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

কংগ্রেস সভাপতির দাবি, গত চার মাসে গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বেড়েছে। তাঁর মতে, মূল্যবৃদ্ধির এই ধারা সাধারণ মানুষের সংসার খরচ আরও বাড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ তুলে খাড়গে বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রকল্পের ৫.৫৬ কোটি উপভোক্তা পরিবারের মধ্যে বহু পরিবার একবার বা তারও কম সিলিন্ডার রিফিল করেছে। তাঁর দাবি, প্রায় ৩.৩০ কোটি পরিবার একবারও সিলিন্ডার রিফিল করেনি। এর থেকে স্পষ্ট যে গ্যাসের উচ্চমূল্যের কারণে বহু দরিদ্র পরিবার নিয়মিত এলপিজি ব্যবহার করতে পারছে না।

কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে খাড়গে বলেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইউপিএ সরকারের আমলে মূল্যবৃদ্ধির ইস্যুতে সরব থাকা বিজেপি এখন এ বিষয়ে নীরব। তাঁর অভিযোগ, গত ১২ বছরে গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৫৩০ টাকা বেড়েছে।

তিনি কেন্দ্রের কাছে রান্নার গ্যাসের মূল্য কমানোর দাবি জানিয়ে বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে সুলভ মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দাবি করেন , আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি সত্ত্বেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বর্তমানে ভর্তুকি-সহ ১৪.২ কেজির একটি সিলিন্ডার কার্যত ৬৪২ টাকায় পাচ্ছেন। মন্ত্রকের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সম্পূর্ণ চাপ গ্রাহকদের উপর চাপানো হয়নি এবং বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে গৃহস্থালি রান্নার গ্যাসের দাম এখনও তুলনামূলকভাবে কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande