
কলকাতা, ৭ জুন (হি.স.): কেন্দ্র সরকারের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ স্লোগানকে সামনে রেখে রবিবার কলকাতার লোকভবনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তেলঙ্গানা ও গোয়ার রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়। লোকভবনের এই অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে সরাসরি সম্প্রচার করার পাশাপাশি পরবর্তীতে সামাজিক মাধ্যম ইউটিউবেও আপলোড করা হয়েছে।
এদিনের মূল অনুষ্ঠানে দেশের অগ্রগতিতে উভয় রাজ্যের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়। বিশেষ করে পর্যটন ক্ষেত্রে গোয়ার অসামান্য অবদান, নৈসর্গিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্থনৈতিক উন্নয়নের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। পাশাপাশি, নতুন রাজ্য হিসেবে তেলঙ্গানার বৈপ্লবিক সিদ্ধান্ত, শিল্পমুখী পরিবেশ এবং শিক্ষার প্রসারে গৃহীত অঙ্গীকার কীভাবে দেশকে সামনের সারিতে এগিয়ে নিয়ে চলেছে, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
কলকাতা তথা রাজ্যে বসবাসকারী উভয় রাজ্যের বহু মানুষ এদিন লোকভবনের অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তিনি ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর মূল ভাবনাকে বাস্তবায়িত করার বার্তা দেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত