
দুর্গাপুর, ৭ জুন (হি.স.) : পরিচিত এক তরুণীর ডাকে বাড়ি থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের এক নাবালিকার।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা পূর্ব বর্ধমান জেলার বুদবুদ এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, এলাকার এক তরুণী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই তরুণী নাবালিকাকে তিন যুবকের হাতে তুলে দেয়। অভিযোগ, গাড়ির মধ্যে তাকে জোর করে মদ্যপান করানো হয়। পরিবারের দাবি, পানীয়ের সঙ্গে মাদকজাতীয় কিছু মেশানো ছিল, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে।
অভিযোগ, এরপর নাবালিকাকে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন যুবক তার উপর যৌন নির্যাতন চালায়। নির্যাতনের ফলে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্তরা তাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে রাজ মল্লিক, শেখ আজারুদ্দিন-সহ তিন যুবকের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যে হোটেলে ঘটনাটি ঘটেছে, তাদের ভূমিকাও তদন্ত করে দেখা উচিত। কোনও গাফিলতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হোটেলের ভূমিকা-সহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা