সাংবাদিকদের স্বাস্থ্য ও জীবনবিমা, পেনশন বৃদ্ধি সহ মুখ্যমন্ত্রীর কাছে ১০ দফার দাবি সনদ পেশ আপকু-র
গুয়াহাটি, ৭ জুন (হি.স.) : অসমের মফসসল সাংবাদিকদের সংগঠন ‘আসাম প্রেস করেসপন্ডেন্টস্ ইউনিয়ন’ (আপকু)-এর কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের এক প্রতিনিধি দল দিশপুরে লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে প্ৰশস্তপত্ৰ প্ৰদান আপকু-র প্রতিনিধি দলের


গুয়াহাটি, ৭ জুন (হি.স.) : অসমের মফসসল সাংবাদিকদের সংগঠন ‘আসাম প্রেস করেসপন্ডেন্টস্ ইউনিয়ন’ (আপকু)-এর কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের এক প্রতিনিধি দল দিশপুরে লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকপত্ৰ প্রদান করেছে।

আপকু-র কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপনকুমার রাভা, কার্যনির্বাহী সভাপতি মৌসমজ্যোতি বৈশ্য এবং সাধারণ সম্পাদক শরৎ শেনচোয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রথমে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জালুকবাড়ি কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়ে টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুলাম গামোছা, চেলেং চাদর এবং অভিনন্দনপত্র প্রদান করে শুভেচ্ছা জানান।

এর পর প্রতিনিধি দলটি তথ্য ও জনসংযোগ বিভাগের স্বীকৃতিপ্রাপ্ত, অথচ সরকারি চাকরিবিহীন মফসসল সাংবাদিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরে। স্মারকপত্ৰে সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমা ও জীবনবিমা প্রকল্প চালু করা, পূর্বে ঘোষিত এককালীন আর্থিক সহায়তা প্রকল্প বাস্তবায়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্মারকপত্ৰে উল্লিখিক প্রধান দাবিগুলোর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমা ও জীবনবিমা চালু করা। কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর যোজনার আওতায় সাংবাদিকদের বিনামূল্যে ৩ কিলোওয়াট সৌর বিদ্যুৎ প্যানেল প্রদান। গুয়াহাটির উপকণ্ঠে আপকু-র স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় নির্মাণের জন্য অন্তত তিন কাঠা সরকারি জমি বরাদ্দ এবং ভবন নির্মাণে আর্থিক সহায়তা। প্রতি বছর ন্যূনতম ৪০ জন ৬০-ঊর্ধ্ব সাংবাদিককে সরকারি পেনশন বর্তমান ৮ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করা। দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতাজনিত চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ অর্থ সরকারি উদ্যোগে বহন করা। যোগ্য সাংবাদিকদের জন্য মিডিয়া ফেলোশিপ পুনরায় চালু করা। পূর্ববর্তী সরকারের সময় চালুকৃত স্বীকৃতিপ্রাপ্ত গ্রামীণ সাংবাদিকদের প্রতিবেশী রাজ্য ভ্রমণ প্রকল্প পুনঃপ্রবর্তন করা। সরকারি চাকরিজীবী সাংবাদিকদের দ্রুত সাংবাদিকতা পেশা থেকে অব্যাহতি প্রদান। সাংবাদিক কল্যাণে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তিনি মফসসল সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

আপকু-র নেতৃত্ব মুখ্যমন্ত্রীর আশ্বাসকে স্বাগত জানিয়ে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande