এনএফএইচএস-৬ সমীক্ষায় স্বাস্থ্য ও পুষ্টি সূচকে উন্নতির দাবি কেন্দ্রের
নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস)-৬-এর ফ্যাক্টশিট প্রকাশ করে কেন্দ্র সরকার দাবি করেছে, দেশের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত একাধিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ, প্
এনএফএইচএস-৬ সমীক্ষায় স্বাস্থ্য ও পুষ্টি সূচকে উন্নতির দাবি কেন্দ্রের


নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস)-৬-এর ফ্যাক্টশিট প্রকাশ করে কেন্দ্র সরকার দাবি করেছে, দেশের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত একাধিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ, প্রসবপূর্ব স্বাস্থ্যপরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতির ছবি উঠে এসেছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত ফ্যাক্টশিটে ১০১টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সূচকের তথ্য তুলে ধরা হয়েছে। এবারের সমীক্ষায় প্রথমবার জনসংখ্যার গঠন, প্রবীণ নাগরিকের অনুপাত, আর্থিক অন্তর্ভুক্তি, প্রসবপূর্ব স্বাস্থ্য পরিষেবার ব্যবহার এবং টিকাকরণের আওতা সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রকের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিষেবার পৌঁছনো বেড়েছে। পাশাপাশি টিকাকরণের হার বৃদ্ধি এবং প্রসবপূর্ব চিকিৎসা পরিষেবার ব্যবহারও আগের তুলনায় উন্নত হয়েছে।

তবে পরিবার পরিকল্পনা, শিশুস্বাস্থ্য, মহিলাদের স্বাস্থ্য ও এইচআইভি সংক্রান্ত বেশ কিছু সূচক এই ফ্যাক্টশিটে প্রকাশ করা হয়নি। এদিন মন্ত্রক জানিয়েছে, পরবর্তী জাতীয় প্রতিবেদনে সেগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এটি প্রাথমিক ফ্যাক্টশিট মাত্র। পূর্ণাঙ্গ জাতীয় প্রতিবেদন পরে প্রকাশ করা হবে, যেখানে আরও বিস্তৃত তথ্য ও বিশ্লেষণ থাকবে।

মন্ত্রক আরও জানিয়েছে, পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, জন্ম-মৃত্যুর হার এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য ইতিমধ্যেই পৃথক সরকারি ব্যবস্থার মাধ্যমে নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। ফলে সেগুলির কিছু অংশ এই ফ্যাক্টশিটে অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া এবারের সমীক্ষায় অ্যানিমিয়া সংক্রান্ত হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়নি। পূর্ববর্তী সমীক্ষার পরীক্ষাপদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠায় ভবিষ্যতে আইসিএমআর-এর ডায়েট অ্যান্ড বায়োমার্কার্স সমীক্ষার তথ্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande