
কাঠমান্ডু, ৭ জুন (হি.স.) : ভারত ও নেপালের মধ্যে ব্যক্তিগত পর্যায়ের (পি টু পি ) ক্রস-বর্ডার রেমিটেন্স পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে দুই দেশের গ্রাহকরা এখন নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য সীমান্ত পারাপার অর্থ লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তোলা। এর ফলে নেপালের ব্যাংক অ্যাকাউন্টধারী ভারতীয় নাগরিকরা ‘এনব্ব্যাংক’ মোবাইল অ্যাপ ব্যবহার করে ভারতে থাকা তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে দ্রুত টাকা পাঠাতে পারবেন।
নবিল ব্যাংকের প্রধান কার্যনির্বাহী আধিকারিক মনোজ কুমার গ্যাওয়ালি বলেন, এই পরিষেবা দুই দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি গ্রাহকদের জন্য আর্থিক লেনদেন আরও সহজ ও আধুনিক হবে।
ব্যাংক আরও জানিয়েছে, নিয়ন্ত্রক বিধি ও নিরাপত্তার কথা মাথায় রেখে লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। নেপাল থেকে ভারতে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার ভারতীয় টাকা এবং মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পাঠানো যাবে। অন্যদিকে, ভারত থেকে নেপালে টাকা পাঠানোর ক্ষেত্রে দৈনিক সীমা ২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে সেখানে কোনও মাসিক সীমা থাকবে না।
এই পরিষেবাকে দুই দেশের মধ্যে ডিজিটাল আর্থিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য