
তিরুবনন্তপুরম, ৭ জুন (হি.স.) : সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রবিবারও কেরলমের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের উত্তরাঞ্চলের সাতটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বাকি সাতটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
যে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে সেগুলি হল— কাসারগোড়, কান্নুর, ওয়েনাড়, কোঝিকোড়, মালাপ্পুরম, পালাক্কাড এবং ত্রিশূর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলির বিচ্ছিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
অন্যদিকে, ইদুক্কি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপ্পুঝা, পাথানামথিট্টা, কোল্লাম এবং তিরুবনন্তপুরম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির জেরে নিচু এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং জল জমার প্রবণতাযুক্ত এলাকাগুলিতে স্থানীয় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। সম্ভাব্য যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কেরলমের উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় কমলা সতর্কতা বহাল থাকতে পারে, কারণ মৌসুমি বায়ুর প্রভাব এখনও জোরালো থাকবে।
এদিকে উত্তাল সমুদ্র ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় আগামী ৯ জুন পর্যন্ত কেরলম , লাক্ষাদ্বীপ এবং কর্নাটক উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যার ঝোড়ো দমকা ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাতেও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি। পরিস্থিতির দিকে নজর রেখে সাধারণ মানুষকে আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে চলার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য