
আগরতলা, ৭ জুন (হি.স.) : দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে বিদ্যাসাগর বাজার ও সংলগ্ন এলাকা। রবিবার ১৩ প্রতাপগড় বিধানসভার অন্তর্গত বিদ্যাসাগর বাজার পরিদর্শনে গিয়ে এমনই আশ্বাস দিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর, প্রতাপগড় মণ্ডল সভানেত্রী এবং দলের অন্যান্য নেতৃত্ব।
আগরতলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ বিদ্যাসাগর রোড। এই সড়ক দিয়েই যোগেন্দ্রনগর রেলস্টেশনসহ শহরের বিভিন্ন এলাকার সঙ্গে মানুষের যোগাযোগ রক্ষা হয়। রাস্তার পাশেই অবস্থিত বিদ্যাসাগর বাজার, যা এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। কিন্তু প্রতি বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার কারণে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, বনকুমারী এলাকা থেকে আসা একটি পাকা নর্দমা বিদ্যাসাগর বাজারের পাশ দিয়ে হাওড়া নদীতে গিয়ে মিশেছে। বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে গেলে সেই জল উল্টো স্রোতে নর্দমা দিয়ে এলাকায় ঢুকে পড়ে। ফলে বাজার ও আশপাশের এলাকায় জল জমে বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়। বহু বছর ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
এদিন পরিদর্শনের সময় সাংসদ রাজীব ভট্টাচার্য এলাকাটি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সমস্যার বিস্তারিত বিবরণ শোনেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, স্থানীয় কর্পোরেটর ও মণ্ডল সভানেত্রীর উদ্যোগে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কারিগরি সমীক্ষার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা হবে।
তিনি বলেন, মানুষের সমস্যা সমাধান করাই সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার জনকল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। বিদ্যাসাগর বাজারের এই দীর্ঘদিনের সমস্যারও দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাংসদ আরও জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন হলে তাঁর সাংসদ তহবিল (এমপি ফান্ড) থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি আশ্বাস দেন, সংশ্লিষ্ট সকল দফতরের সঙ্গে সমন্বয় করে এলাকার মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে খুশি বিদ্যাসাগর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এবার বর্ষা এলেই জলমগ্ন হওয়ার আতঙ্ক থেকে মুক্তি মিলবে এবং এলাকার স্বাভাবিক জনজীবন বজায় থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ