
রাজৌরি, ৭ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার মাঞ্জাকোট তহসিলের ডোরি মাল জঙ্গল এলাকায় চলা তল্লাশি অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিকের মৃত্যু হয়েছে। মৃত আধিকারিকের নাম ক্যাপ্টেন বীরেশ্বর গোস্বামী। তিনি সেনাবাহিনীর অসম রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।
রবিবার সেনা সূত্রে জানা গিয়েছে, ডোরি মালের জঙ্গল এলাকায় সম্ভাব্য জঙ্গি কার্যকলাপের খোঁজে গত কয়েক দিন ধরে ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ তল্লাশি অভিযান চলছিল। সেই অভিযানে নিজের দলের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন ক্যাপ্টেন গোস্বামী।
শনিবার অভিযানের মধ্যেই হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে থাকা জওয়ানরা দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরে তাঁকে রাজৌরির সেনা হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সেনা সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় কার্য সম্পন্ন হওয়ার পর পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর মরদেহ নিজ রাজ্যে পাঠানো হবে।
ক্যাপ্টেন বীরেশ্বর গোস্বামী কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে সেনাবাহিনী, সহকর্মী জওয়ান এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, ঘন জঙ্গল, দুর্গম ভূপ্রকৃতি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ডোরি মাল এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর ভরসা করার আহ্বান জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য