
মেদিনীপুর, ৭ জুন (হি.স.): মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুজয় হাজরাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। জমি সংক্রান্ত একটি জালিয়াতির অভিযোগে শনিবার সুজয়বাবুকে খড়্গপুর থেকে গ্রেফতার করেছিল শালবনি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তাঁর বিরুদ্ধে জমি জালিয়াতি সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে শনিবার মেদিনীপুরের এই প্রাক্তন বিধায়ককে খড়্গপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হলে, ঘটনার গভীর তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। এদিন দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত সুজয় হাজরাকে আট দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি