
কোচবিহার, ৭ জুন (হি.স.): কোচবিহারে তৃণমূল নেতা দিলীপ দেবনাথের আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দিলীপবাবু কোচবিহারের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষ্মী দেবনাথের স্বামী ছিলেন।
জানা গেছে, আত্মহত্যার আগে শনিবার তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে এলাকারই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। এর পর রবিবার সকালে শীতলকুচির গোঁসাইয়ের হাট বাজারে গিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দলীয় সূত্রের খবর, দিলীপ দেবনাথ নিজেও তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলেন। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিনি নিজের এলাকা ছেড়ে শীতলকুচিতে শ্বশুরবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি