
কলকাতা, ৭ জুন (হি. স. ) : মালিকানা বুঝে নিতে গিয়েছিলেন৷ কিন্তু রবিবার তৃণমূল ভবনে গিয়ে হতাশ হয়েই ফিরতে হল বাড়ির আসল মালিক মন্টু সাহাকে৷ কারণ সেখানে কারও দেখাই পেলেন না মন্টুবাবু৷
ই এম বাইপাস লাগোয়া মেট্রোপলিটনে যে বহুতল ভাড়া নিয়ে তৃণমূল ভবন তৈরি করা হয়েছিল, সেটির মালিক কলকাতার নাম করা ডেকরেটর্স ব্যবসায়ী মন্টু সাহা৷ এ দিন নিজের ছেলেকে নিয়ে মেট্রোপলিটনের ওই বাড়িতে যান মন্টু সাহা৷ উদ্দেশ্য ছিল বাড়ি ফেরত নেওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলা৷ যদিও এ দিন তৃণমূল ভবনে কেউ ছিলেনই না৷ ফলে বাড়ির দারোয়ানের সঙ্গে কথা বলেই ফিরে আসতে হয় মন্টুবাবু এবং তাঁর ছেলেকে৷
মন্টুবাবু অভিযোগ করেন, তৃণমূলের কেউই তাঁর ফোন ধরছেন না৷ তাই বাধ্য হয়েই তাঁকে এ দিন তৃণমূল ভবনে আসতে হয়েছিল৷ কিন্তু সেখান থেকেও হতাশ হয়েই ফিরতে হয় তাঁদের৷ তৃণমূলের পক্ষ থেকে কারও দেখা না পেয়ে বাড়ি ছাডা়র কথা জানিয়ে তৃণমূল নেতৃত্বের উদ্দেশে একটি চিঠি দেওয়ার কথা ভেবেছেন বাড়ির মালিক মন্টু সাহা৷ সেই চিঠির উত্তর না পেলে এবং বাড়ির দখল না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মন্টু সাহা এবং তাঁর ছেলে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত