
উখরুল (মণিপুর), ৭ জুন (হি.স.) : মণিপুরের উখরুল জেলার অন্তর্গত নিউ হেভেন এলাকায় আসাম রাইফেলস-এর একটি অস্থায়ী আউটপোস্ট স্থাপনকে কেন্দ্র করে সংগঠিত বিক্ষোভ সহিংস রূপ ধারণ করায় প্রায় ২০ জন ঘায়েল হয়েছেন বলে এক সূত্রে জানা গেছে।
অভিযোগ, শোকভাও গ্রামের অধীনস্থ নিউ হেভেন এলাকায় গ্রাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আসাম রাইফেলস একটি অস্থায়ী আউটপোস্ট স্থাপন করেছে। স্থানীয় সম্প্রদায়ের নেতা ও গ্রাম-প্রতিনিধিরা এই আউটপোস্টকে ‘অননুমোদিত’ বলে অভিযোগ করে তা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন।
সূত্রগুলির দাবি, গ্রাম-কর্তৃপক্ষ ও স্থানীয় নেতাদের একাধিক আবেদন সত্ত্বেও ওই স্থান খালি করার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
উখরুল জেলার দুটি স্থান, শোকভাও গ্রামের নিউ হেভেন এবং শাংশাক গ্রামের ফিঞ্চ কর্নারে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অস্থায়ী আউটপোস্ট প্রত্যাহারের দাবিতে বহু সংখ্যক মহিলা সহ গ্রামের মানুষ হাতে হাতে মশাল নিয়ে বিক্ষোভে অংশ নেন।
স্থানীয়দের বক্তব্য, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে উত্তেজনা বাড়তে থাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে সূত্রের দাবি। বলা হচ্ছে, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের উখরুল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সব ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ খবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তবে প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস