নিকাশি সমস্যার প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও, বিক্ষোভ বৈদ্যবাটিতে
হুগলি, ৭ জুন (হি.স.) : দীর্ঘদিনের নিকাশি সমস্যা ও পরিকাঠামোগত বেহাল অবস্থার প্রতিবাদে বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ও বিজেপি কর্মীরা। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাক
বৈদ্যবাটিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও


হুগলি, ৭ জুন (হি.স.) : দীর্ঘদিনের নিকাশি সমস্যা ও পরিকাঠামোগত বেহাল অবস্থার প্রতিবাদে বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ও বিজেপি কর্মীরা। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, গোলাপবাগ নিচু মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘরে জল জমে যাচ্ছে। স্থানীয়দের দাবি, একাধিকবার কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি।

এই পরিস্থিতিতে রবিবার কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিজেপি কর্মীরাও বিক্ষোভে যোগ দেন। কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান তোলা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাউন্সিলর কার্যকর ভূমিকা পালন করেননি। ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিক্ষোভের মুখে কাউন্সিলর হরিপদ পাল জানান, এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে তিনি কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বাড়ির ভিতরে চলে যান বলে জানা গিয়েছে।

এলাকার বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমে থাকা জল না নামলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

অন্যদিকে, কাউন্সিলর হরিপদ পাল অভিযোগগুলি অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি। বিরোধীরা পরিকল্পিতভাবে পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে তাঁর দাবি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande