ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল নয়, চুক্তির আগে কোনও ছাড় নয়: ট্রাম্প
নিউ জার্সি, ৭ জুন (হি.স.) : ইরানের সঙ্গে সম্ভাব্য কোনও শান্তি চুক্তির আগেই তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না এবং বাজেয়াপ্ত করা সম্পদও মুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, পূর্ণ
ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল নয়, চুক্তির আগে কোনও ছাড় নয়: ট্রাম্প


নিউ জার্সি, ৭ জুন (হি.স.) : ইরানের সঙ্গে সম্ভাব্য কোনও শান্তি চুক্তির আগেই তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না এবং বাজেয়াপ্ত করা সম্পদও মুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবলমাত্র এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি ইতিবাচক মনোভাব দেখায় এবং চুক্তির পথে অগ্রসর হয়, তবেই পরবর্তী আলোচনা ও সম্ভাব্য ছাড় নিয়ে ভাবা হবে। তবে তিনি স্পষ্ট করেন, কোনও অস্থায়ী বা অসম্পূর্ণ সমঝোতার পক্ষে আমেরিকা নয়।

ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে একইসঙ্গে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক বিকল্পও আমেরিকার নীতির অংশ হিসেবে বজায় রয়েছে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না ওয়াশিংটন।

ট্রাম্প আরও জানান, ইরান-সংক্রান্ত অঞ্চলে মোতায়েন থাকা প্রায় ৫০ হাজার মার্কিন সেনাকে আপাতত প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই। তাঁর দাবি, নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই সেনা মোতায়েন অব্যাহত থাকবে।

ইরানের নতুন নেতৃত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, মোজতবা খামেনেই তাঁর পূর্বসূরির তুলনায় তুলনামূলকভাবে বেশি বাস্তববাদী ও যুক্তিবাদী মনে হয়। তবে তাঁর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকার করেন।

এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও অস্থায়ী যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং তা বজায় রাখার প্রচেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande