
বারাণসী, ৭ জুন (হি.স.) : প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে নস্যাৎ করলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। তিনি বলেন, পেপার ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী বা অন্য কারও পদত্যাগের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
রবিবার বারাণসীর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আঠাওয়ালে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার। এই অপরাধে জড়িতদের কাউকেই রেহাই দেওয়া হবে না এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, রাহুল গান্ধী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি সংবিধানের বই হাতে নিয়ে ঘোরেন, কিন্তু সংবিধানের মূল ভাবনা ও মূল্যবোধ নিয়ে কথা বলেন না।
কংগ্রেসের বিরুদ্ধে সমাজে বিভেদ তৈরির অভিযোগ তুলে আঠাওয়ালে বলেন, কংগ্রেস দীর্ঘদিন মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর করেনি। পরে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার সেই সুপারিশ বাস্তবায়ন করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এনডিএ সরকার প্রকৃত অর্থে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছে। ২০১৪ সাল থেকে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ইরান-আমেরিকা সংঘাত প্রসঙ্গে আঠাওয়ালে বলেন, যুদ্ধ কখনও কোনও সমস্যার সমাধান নয়। এর প্রভাব বিশ্ব অর্থনীতির উপর পড়ে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ভারত বরাবরই যুদ্ধের পরিবর্তে শান্তি ও বুদ্ধের আদর্শে বিশ্বাসী। তাই আন্তর্জাতিক স্তরে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ বাড়ানো উচিত।
উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই) বিজেপি জোটের শরিক হিসেবে চার থেকে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এ বিষয়ে বিজেপি নেতৃত্বের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়ার আশা রয়েছে।
তিনি দাবি করেন, উত্তর প্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আইনশৃঙ্খলার উন্নতি করেছে এবং ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি নেতৃত্বাধীন জোটই ক্ষমতায় ফিরবে। সেই নির্বাচনে জোটের শরিক দলগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য