
ওয়াশিংটন, ৭ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমেরিকায় উদ্যাপনের সূচনা করল ভারতীয় দূতাবাস। শনিবার ওয়াশিংটনের ডুপন্ট সার্কেল এলাকায় একটি বিশেষ যোগ সেশনের আয়োজন করা হয়। এই কর্মসূচিকে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিক উদ্যাপনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
আমেরিকায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৯ জুন ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে যোগ দিতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং শিকাগোর নেভি পিয়ার-এ ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। ওরেগনের হিলসবরো এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিনের শ্রীনাথজি হাভেলি মন্দিরেও গণযোগাভ্যাসের আয়োজন করা হয়েছে।
শিকাগোতে ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, “যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানসিক ভারসাম্য, সচেতনতা এবং অন্তরের শান্তির পথ দেখায়।” নেভি পিয়ারের পোল্ক ব্রাদার্স পার্কে সেখানে বিশেষ যোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র উদ্যোগে ২০১৪ সালের ১১ ডিসেম্বর, ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় ২০১৫ সালের ২১ জুন। এরপর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উৎসবের আবহে পালিত হয়ে আসছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য