
কলকাতা, ৭ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলায় পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করল ডালমিয়া ভারত নামের শীর্ষ সারির সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাটি। পরিবেশ সংরক্ষণে নিজেদের অঙ্গীকার আরও জোরদার করতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একাধিক সচেতনতামূলক এবং সামাজিক কর্মসূচির আয়োজন করে তারা।সংস্থার বেঙ্গল সিমেন্ট ওয়ার্কস – মেদিনীপুর ইউনিটে আয়োজিত এই কর্মসূচিগুলির মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্ম ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহারের মতো দীর্ঘস্থায়ী অভ্যাসকে আরও উৎসাহিত করে তোলাও ছিল এই আয়োজনের উদ্দেশ্য।রবিবার ছুটির দিনে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকারও করেছেন তাঁরা সকলেই। সবুজায়ন ও স্থানীয় জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে গড়পিয়াশালের এমজিএম হাইস্কুলের পড়ুয়া এবং ডাঙাপাড়া গ্রামবাসীদের মধ্যে অন্তত ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে তারা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত