ধলেশ্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ভস্মীভূত পুরো বাড়ি
আগরতলা, ৭ জুন (হি.স.) : রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। রবিবার রাজধানী আগরতলায় ধলেশ্বর ৮ নম্বর রোড এলাকার শেফালী শিবের বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকল বাহিনী
আগরতলায় অগ্নিকাণ্ড


আগরতলা, ৭ জুন (হি.স.) : রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। রবিবার রাজধানী আগরতলায় ধলেশ্বর ৮ নম্বর রোড এলাকার শেফালী শিবের বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকল বাহিনীর দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এবং পার্শ্ববর্তী একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো রবিবার সকালেও বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন শেফালী শিব। তিনি চুলায় ডাল চাপিয়ে রান্না করছিলেন। এ সময় হঠাৎ লক্ষ্য করেন, গ্যাসের চুলার শিখা বারবার কমে যাচ্ছে এবং গ্যাসের তীব্র গন্ধ বের হচ্ছে। পরিস্থিতি বুঝতে না পেরে তিনি চুলা বন্ধ না করেই গ্যাস সিলিন্ডারের রেগুলেটর খুলতে যান। তখনই সিলিন্ডার থেকে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে।

চোখের পলকে আগুন রান্নাঘরজুড়ে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাড়িটি আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাড়ির আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে প্রথমে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীরা দ্রুত উদ্ধার ও আগুন নেভানোর কাজে নেমে পড়েন। দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রমের পর তাঁরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বাড়ির মালিক শেফালী শিব জানান, গ্যাসের গন্ধ পাওয়ার পর কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে তা বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘর আগুনে ভরে যায় এবং পরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল বিভাগের জনৈক আধিকারিক জানান, সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ধলেশ্বরের ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা ছিল। বিশেষ করে বাতাসের গতি বেশি থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। তবে দমকল কর্মীদের তৎপরতায় সম্ভাব্য বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এলাকা।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ধলেশ্বর ৮ নম্বর রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। ঘটনার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande