
হুগলি , ৭ জুন (হি.স.) : গোঘাট গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলে রবিবার হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালাল বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক-সহ দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক।
এদিন ঝাঁটা হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। যে ক’টি শৌচাগার রয়েছে, তার অনেকগুলিই অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও তাঁদের পরিজন হাসপাতালে এলেও ন্যূনতম স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।
বিজেপি নেতৃত্বের আরও দাবি, দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে। ফলে প্রত্যন্ত এলাকার বহু মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে প্রবীণ ও আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার জন্য অতিরিক্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
গোঘাটের বিধায়ক বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি করা হলেও বাস্তবে হাসপাতালের একাধিক সমস্যা রয়ে গিয়েছে। শৌচাগারের অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন পরিষেবার ঘাটতি এবং ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা বন্ধ থাকা উদ্বেগের বিষয় বলে তিনি মন্তব্য করেন।
বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং বন্ধ পরিষেবাগুলি পুনরায় চালু করতে হবে। সাফাই অভিযানের মাধ্যমে সেই দাবিই তুলে ধরা হয়েছে বলে জানান দলের নেতারা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA