গোঘাটে পুলিশের বিশেষ মোটরবাইক চেকিং অভিযান, হেলমেট না পরলে জরিমানা
হুগলি , ৭ জুন (হি.স.) : সড়ক নিরাপত্তা জোরদার করতে রবিবার সকাল থেকে গোঘাট ও কামারপুকুর এলাকায় বিশেষ মোটরবাইক চেকিং অভিযান শুরু করেছে পুলিশ। হেলমেটবিহীন চালক ও আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। গোঘাট থানার ওসি
মোটরসাইকেল চেকিং গোঘাটে


হুগলি , ৭ জুন (হি.স.) : সড়ক নিরাপত্তা জোরদার করতে রবিবার সকাল থেকে গোঘাট ও কামারপুকুর এলাকায় বিশেষ মোটরবাইক চেকিং অভিযান শুরু করেছে পুলিশ। হেলমেটবিহীন চালক ও আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।

গোঘাট থানার ওসি মধুসূদন পালের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে মোটরবাইক আরোহীদের নথিপত্র এবং নিরাপত্তা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নথিপত্র এবং বিমা সংক্রান্ত কাগজও পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র চালক নয়, মোটরবাইকের পিছনে বসা আরোহীর ক্ষেত্রেও হেলমেট পরা বাধ্যতামূলক। এই নিয়ম অমান্য করলে মোটরযান আইন অনুযায়ী জরিমানা করা হবে।

পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। আগামী দিনেও নিয়মিতভাবে এই ধরনের চেকিং চলবে বলে জানানো হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাইক আরোহীদের উদ্দেশে আবেদন করা হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই হেলমেট ব্যবহার করতে এবং সঙ্গে থাকা আরোহীকেও হেলমেট পরতে উৎসাহিত করতে। এতে দুর্ঘটনার ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি যেমন কমবে, তেমনই আইন ভঙ্গের কারণে জরিমানার মুখেও পড়তে হবে না।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার একাংশের বাসিন্দারা। তাঁদের মতে, নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক পদক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande